২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ, ফুটপাতে গরম কাপড়ের দোকানে ভিড়

সকাল ৯টায় জেলার তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2024, 12:25 AM

Updated : 26 Aug 2026, 11:07 AM

রাজশাহী জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ; যা আরও দুই থেকে তিন দিন চলতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

নগরের ফুটপাতে বসা গরম কাপড়ের দোকানগুলোতেও ভিড় বেড়েছে ক্রেতা সাধারণের। এদিকে শীতের তীব্রতার সঙ্গে বেড়েছে জনদুর্ভোগ।

শুক্রবার রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, একদিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের তীব্রতা বেড়েছে।

তিনি বলেন, সকাল ৯টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস; যা এবারে শীতে সর্বনিম্ন।

এর আগে বৃহস্পতিবার ১১ দশমিক ৮, বুধবার ১৩ দশমিক ০ এবং মঙ্গলবার ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ছিল। আগামী দিনে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়বে বলে জানান তিনি।

আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে এলে মাঝারি এবং ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। 

এ ছাড়া তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

এদিকে শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে নেমেছে; এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

শৈত্যপ্রবাহ ৩ জেলায়, চলবে আরও দুই দিন