নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
“নকলমুক্ত কচুয়া এক সময় সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছিল। আমরা চাই, একইভাবে কচুয়া হোক মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের মডেল।”
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার ‘মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংমুক্ত’ দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, “যেভাবে কচুয়া থেকে শিক্ষাঙ্গণে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া থেকেই।”
শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “নকলমুক্ত কচুয়া এক সময় সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছিল। আমরা চাই, একইভাবে কচুয়া হোক মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের মডেল।”
দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যাত্রাও কচুয়া থেকেই শুরু করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, “কচুয়া উপজেলাকে পর্যায়ক্রমে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিজিংমুক্ত করা হবে। এ লক্ষ্যে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
শিক্ষামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে এবং ঘোষিত কর্মসূচিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দ্বায়িত্ব পেয়েছেন। দায়িত্ব গ্রহণের পর নিজ নির্বাচনি এলাকা কচুয়ায় এটাই ছিল তাঁর প্রথম সফর।
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
