৩ শঙ্কা নিয়ে এইচএসসি পরীক্ষায় বসছেন ময়মনসিংহের শিক্ষার্থীরা
চার জেলায় ১০৬টি কেন্দ্রে ২৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
কোভিড, ডেঙ্গু ও বন্যার শঙ্কা নিয়ে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে প্রায় ৭৯ হাজার পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসছেন।
বৃহস্পতিবার সারাদেশের মত ময়মনসিংহেও শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি।
শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা কোনো প্রকার বাধা ছাড়াই সম্পন্ন হলে ফলাফল ভালো হবে।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে চার জেলায় ১০৬টি কেন্দ্রে ২৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এরমধ্যে ছাত্র ৩৭ হাজার ৩৩৭ জন এবং ছাত্রী ৪১ হাজার ৬৫৭ জন।
শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী তারা সিলেবাস সম্পন্ন করেছেন। করোনাভাইরাস, ডেঙ্গু কিংবা বন্যার জন্য পরীক্ষা স্থগতি হলে ফলাফলে তার প্রভাব পড়বে।
নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী কানিজ লাবনী বলেন, “জুলাই আন্দোলনের কারণে আমাদের পড়াশোনার কিছুটা ক্ষতি হলেও পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছি। প্রশ্ন কঠিন হলেও আশা করি পরীক্ষা ভালো হবে। তবে আমাদের শঙ্কার কারণ হচ্ছে কোভিড, ডেঙ্গু ও বন্যা।
“শুরু হওয়া পরীক্ষা এসবের কারণে যদি মাঝপথে বাধাগ্রস্ত হয় তাহলে ফলাফল খারাপ হবে। যেভাবে প্রস্তুতি নিয়েছি পরীক্ষা সম্পন্ন করতে পারলে ইনশাল্লাহ ভালো ফলাফল হবে।”
একই কলেজের আরেক পরীক্ষার্থী সাইফ হাসান বলেন, “করোনাভাইরাস, ডেঙ্গু ও বন্যা ছড়ানোর আশঙ্কা রয়েছে ময়মনসিংহে। এজন্য আমরা কিছুটা আতঙ্কিত। কারণ শুরু হওয়া পরীক্ষা শেষ না হলে গড় ফলাফল প্রকাশ করবে বোর্ড। এতে করে আমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছি কিংবা দাবি করি তারা ক্ষতিগ্রস্ত হব।”
আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন রাকিবুল হাসান। তিনি বলেন, “দেশের অনেক জায়গায় পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন হয়েছে। আমরা এগুলোতে না গিয়ে প্রস্তুতিতে মনযোগী ছিলাম। তাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছি।
“এখন কোনো কারণে সবগুলো পরীক্ষা যদি আমরা না দিতে পারি তাহলে সমস্যায় পড়ে যাব। আশা রাখছি, কোনো বাধা ছাড়াই সব পরীক্ষা সম্পন্ন হবে।”
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী হাদিউল ইসলাম বলেন, “শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যেহেতু কোভিড, ডেঙ্গু সংমক্রমণের শঙ্কা রয়েছে তাই আমরা কেন্দ্রের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেছি। তিন ফুট দূরত্ব রেখে আসন ফেলা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে সবাইকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করতে হবে। আমাদের কেন্দ্রে ৮৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।”
কোভিড ও ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সব পরীক্ষা কেন্দ্র প্রস্তুতের কথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মো. সফিউদ্দিন সেখ।
তিনি বলেন, “প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। আশা করছি, ভালো ভাবেই সব পরীক্ষা প্রশাসনের সহযোগিতায় সম্পন্ন হবে।”
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, “প্রথম দিনের পরীক্ষার কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রের সামনে যাওয়া ভালো। যদি সম্ভব হয় তাহলে পরীক্ষার আগের দিন একবার কেন্দ্রে যাওয়া আরও উত্তম। পরীক্ষা শুরুর আগের দিন খুব বেশি না পড়াশোনা করে ঘুমানো উচিত। তৈলযুক্ত খাবার একেবারে পরিহার করা ভালো। পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়ে ঠান্ডা মাথায় একবার পড়ে লিখা শুরু করলে পরীক্ষা ভালো হবে।
তিনি বলেন, “পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে যেতে হবে।”
