২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা ফাটানোর অভিযোগে আটক ২

“আটক ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়নি,” বলেন ওসি সাজেদুর রহমান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 01:18 AM

Updated : 19 Sep 2026, 02:33 PM

নারায়ণগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে পটকা ফাটানোর অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর ছাত্রশিবিরের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন, সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার গোলজার হোসেনের ছেলে মোখলেস এবং ফতুল্লার গাবতলী এলাকার শাহ আলম সরদারের ছেলে লোকমান।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, “অনুষ্ঠান চলাকালে হঠাৎ পটকা ছোড়া হয়। পরে অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।”

তিনি অভিযোগ করেন, আতঙ্ক সৃষ্টি করে অনুষ্ঠানটি পণ্ড করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। 

ওসি মো. সাজেদুর রহমান বলেন, “দুইজনকে আটক করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।