লক্ষ্মীপুরে তৈরি ভেজাল শিশুখাদ্যের মোড়কে ঠিকানা ঢাকা, লাখ টাকা জরিমানা
অনুমোদনহীন কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে শন পাপড়ি তৈরি করা হচ্ছিল।
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি ও সরবরাহ করার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া কারখানাটি লক্ষ্মীপুরের হলেও পণ্যের মোড়কে ঠিকানা ‘ঢাকা, বাংলাদেশ’ লেখা পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকালে শহরের সমসেরাবাদ এলাকায় লামচরী মাদ্রাসা সংলগ্ন ‘জামাল শন পাপড়ি’ নামের কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী।
অর্থদণ্ড পাওয়া জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার ফাইজুল মিলার ছেলে।
সুমধু চক্রবর্তী বলেন, অনুমোদন ছাড়াই ‘জামাল শন পাপড়ি’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে শন পাপড়ি তৈরি করা হচ্ছিল। অভিযানকালে কারখানায় নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) পাওয়া যায়। এ ছাড়া লক্ষ্মীপুর পৌরসভায় কারখানাটি পরিচালিত হলেও পণ্যের গায়ে ‘ঢাকা, বাংলাদেশ’ ঠিকানা ব্যবহার করা হয়েছে। পণ্যের মোড়কে আগাম উৎপাদনের তারিখও লেখা ছিল।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ী জামালকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী, পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম এবং সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
