১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পারদ উঠছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে

জেলার আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা আরো বৃদ্ধি ও তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2025, 04:21 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অতিরিক্ত ভ্যাপসা গরমে মানুষ পড়েছে হাঁসফাঁস অবস্থায়।

বুধবার বিকাল ৩টায় জেলায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান। 

তিনি জানান, এদিন যশোর ও পাবনার ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  

এই প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। 

তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার বিকাল ৩টায় এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৮ শতাংশ। 

বাতাসে আর্দ্রতা কম থাকায় গরম কম অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরো বৃদ্ধি ও তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।