গোপালগঞ্জ জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আতিয়ার
অন্য কোনো প্রার্থী না থাকলে আরও কয়েকটি ধাপ অতিক্রম শেষে নির্বাচিত ঘোষণা করার বিধান রয়েছে।
গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুন্সি আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন।
অন্য কোনো প্রার্থী না থাকলে আরও কয়েকটি ধাপ অতিক্রম শেষে নির্বাচিত ঘোষণা করার বিধান রয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্লা জানিয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সি আতিয়ার রহমান দুপুরে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্লা জানান, মনোনয়নপত্র যাচাই বছাই, বৈধ ঘোষণা ও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে। তারপরই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বিধান রয়েছে।
জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, চেয়ারম্যান পদে একজন, সদস্য পদে ১৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
