সিরাজগঞ্জে গৃহকর্তাকে কুপিয়ে গরু লুট
পিকআপে করে তুলে নিয়ে যাওয়া গরুটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা বলে দাবি ভুক্তভোগীদের।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গৃহকর্তাকে কুপিয়ে গোয়াল থেকে গরু লুটের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোর ৪টার দিকে তাড়াশ-হাটিকুমরুল আঞ্চলিক সড়কে উপজেলার বৃপাচান গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান।
আহত দুলাল হোসেনকে (৫০) বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুলালের ভাতিজা রিপন বলেন, “একদল মুখোশধারী ডাকাত গেইট ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করে। চাচা টের পেয়ে ডাকাডাকি শুরু করেন। এ সময় ডাকাতরা চাচার মুখ ও কানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গোয়ালে থাকা শাহিয়াল জাতের একটি বড় গরু পিকআপে তুলে নিয়ে চলে যায়। গরুটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা।”
তিনি বলেন, আহত অবস্থায় দুলালকে উদ্ধারের পর বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখ ও কানে ৩৩টি সেলাই পড়েছে।
ডাকাতির ঘটনায় বিকাল পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান ওসি জিয়াউর রহমান।
