মাতমের মধ্যে পরিবারের সাতজনকে দাফন
প্রবাসী বাহারকে হয়রত শাহজালাল বিমানবন্দর থেকে নিয়ে লক্ষ্মীপুরের বাড়ি ফিরছিলেন পরিবারের ১১ সদস্য।
নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের নিহত সাতজনকে শোক আর মাতমের মধ্যে দাফন করা হয়েছে।
বুধবার বিকালে বাদ আছর নামাজের জানাযা শেষে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকায় কাশারি বাড়ির কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।
নিহতরা হলেন- প্রবাসী বাহার উদ্দিনের স্ত্রী কবিতা আক্তার (২৪), মেয়ে মীম আক্তার (২), ভাতিজি রেশমা আক্তার (৯), লামিয়া ইসলাম (৮), মা মোরশেদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০) ও ভাবি লাবনী আক্তার (২৫)।
একসঙ্গে পরিবারের সাতজনকে হারিয়ে বাড়িটি জুড়ে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে স্বজনদের। শোকে কাতর হয়ে পড়েছেন প্রতিবেশীরাও।
স্বজনরা জানান, ওমান প্রবাসী বাহার উদ্দিন আড়াই বছর পর দেশে ফিরছেন, তাই বাড়িতে ছিল উৎসবের আমেজ।
মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বাড়ি নিয়ে আসতে মাইক্রোবাস নিয়ে রাজধানীতে যান পরিবারের ১১ সদস্য। পরে বাহারসহ ১২ জন মাইক্রোবাসে বাড়ির পথে রওয়ানা হন।
কিন্তু বুধবার ভোরে বাড়ি থেকে মাত্র ১০ কিলোমিটার আগে নোয়াখালী বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সড়কের পাশের খালে পড়ে যায় তাদের গাড়িটি।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরেন প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
আগের সংবাদ
