০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, ৭ জনের মৃত্যু

ওমান প্রবাসী এক ব্যক্তিকে নিয়ে ওই গাড়িতে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তার স্বজনরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 03:18 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ওমান প্রবাসীকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাত নারী ও শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার ভোরে চৌমুহনী–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান। 

পুলিশ জানায়, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন স্বজনদের সঙ্গে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। একটি মাইক্রোবাসে তারা লক্ষ্মীপুর আসছিলেন। 

ভোরে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। তাতে বাহারের স্ত্রী কবিতা বেগম ও মেয়ে মিমসহ সাতজনের প্রাণ যায়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাটি ঘটে ভোরে, যখন গাড়িতে প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। পরে লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে। কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও সাতজন গাড়ির ভেতরে আটকা পড়ে মারা যান।”

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর তারা পায় ভোর ৫টা ৪০ মিনিটে। চৌমুহনী ফায়ার স্টেশন থেকে তাদের দুটি ইউনিট সেখানে যায়। গাড়ি থেকে চার নারী ও তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।  তারা হলেন– ফয়জুন নেছা (৭০), মুরশিদা বেগম (৫০), কবিতা আক্তার (২৪), লাবনী আক্তার (২৫), রেশমা আক্তার (৯), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৮)।

ঘটনাস্থল থেকে বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, রেকারের সহায়তায় গাড়িটি খাল থেকে তোলা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে ওমান ফেরত বাহার উদ্দিন বেঁচে আছেন।