২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে হত্যার আসামির ছুরিকাঘাতে যুবক খুন

স্বপন দোকান থেকে বের হলে দিলীপ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 02:30 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

ময়মনসিংহে হত্যা মামলার এক আসামির ছুরিকাঘাতে এক যুবকের প্রাণ গেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

বৃহম্পতিবার রাত ৯টার দিকে নগরীর আকুয়া মড়লবাড়ি গন্দ্রপা মালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান।

নিহত ৩৫ বছর বয়সী ইয়াসিন আলী স্বপন ওই এলাকার রজব আলীর ছেলে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

তিনি আনন্দ মোহন কলেজের অ্যাকাউন্টিং বিভাগের কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। পাশাপাশি ওই এলাকায় মুদি দোকান চালাতেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা বলেন, ২০২২ সালে ইয়াসিন আলী স্বপনের চাচা পারভেজকে দিলীপ ও তার সহযোগীরা হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় দিলীপ কারাগারে ছিলেন। আনুমানিক এক বছর আগে জামিনে ছাড়া পান তিনি। এরপর থেকে মাদক ব্যবসা ও এলাকায় এক আতঙ্কের নাম ছিলেন দিলীপ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্বপনের দোকানের সামনে আমির হোসেন নামের একজনকে দিলীপ ও তার সহযোগীরা কুপিয়ে আহত করে। এ সময় স্বপন দোকান থেকে বের হলে দিলীপ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে স্বপন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আমিরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।