রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত যুবক
‘কেউ বলছে ওই যুবক রেললাইনে বসে ছিল, কেউ বলছে রেললাইন দিয়ে হাঁটছিলো।’
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের প্রাণ গেছে।
রোববার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজবাড়ী রেলওয়ে থানার এসআই বিশ্বজিৎ কুমার ঘোষ জানান।
নিহত ২০ বছর বয়সী শাফিন মণ্ডল (২০) পাংশা উপজেলার চরআফরা গ্রামের মিলন মণ্ডলের ছেলে।
স্থানীয়দের বরাতে এসআই বিশ্বজিৎ কুমার ঘোষ বলেন, “কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী শাটল ট্রেনটি বেলা ২টার দিকে কালিকাপুর রেলব্রিজ এলাকায় পৌঁছায়। সে সময় ট্রেনে কাটা পড়ে শাফিন নিহত হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।”
কীভাবে এ ঘটনা ঘটলো জানতে চাইলে বিশ্বজিৎ বলেন, “স্থানীয়রা কেউ বলছে, ওই যুবক রেললাইনে বসে ছিল; কেউ বলছে রেললাইন দিয়ে হাঁটছিলো। তবে কোনো তথ্যই এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
