Published : 02 Nov 2025, 07:07 PM
যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে ভিড়ের মধ্যে রোগীদের ব্যাগ টেনে নেওয়া বা চুরির অভিযোগে নারীকে আটক করে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার দুপুরের দিকে ওই নারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন যশোর কোতয়ালি থানার এসআই আনিছুর রহমান।
তিনি বলেন, সকাল ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগে রোগীর প্রচণ্ড ভিড় ছিল। এ সুযোগে সাথী বেগম নামে এক নারীর টাকার ব্যাগ চুরির চেষ্টা করেন জান্নাতি খাতুন।
তবে সাথী বেগম বিষয়টি টের পেয়ে জান্নাতি খাতুনকে ধরে ফেলেন। এসময় তার চিৎকারে হাসপাতালের কর্মীরা এসে ওই নারীকে আটক করে।
এসআই আনিছুর আরও বলেন, আটক জান্নাতি খাতুনকে তল্লাশি করে তিনটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেগুলো তিনি রোগীদের কাছ থেকে কৌশলে টেনে নিয়েছেন বলে স্বীকার করেছেন। ব্যাগগুলোয় মোট ২ হাজার ১০৪ টাকা ছিল।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়েত বলেন, প্রতিদিন এ হাসপাতালে বিপুল সংখ্যক রোগীর ভিড় থাকে। রোববার হাসপাতালের বহির্বিভাগে নতুন রোগী চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৫৫১ জন। এছাড়া পুরনো রোগী ছিল প্রায় ৭০০।
তিনি বলেন, এ ভিড়ে সুযোগ সন্ধানী একটি চক্র ব্যাগ-মোবাইল চুরিসহ নানা অপকর্ম করে। বিভিন্ন সময় একাধিক জন ধরাও পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এদের নিয়ন্ত্রণে কঠোর নজরদারি রাখার চেষ্টা করে যাচ্ছে।
এসআই আনিছুর বলেন, আটক নারীকে কোতয়ালি থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।