Published : 03 Apr 2025, 10:03 AM
নরসিংদী শহরের বড় বাজারে ‘ডায়মন্ড’ নামের একটি টেইলার্সে অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে লাগা এ আগুন নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে টেইলার্সটির ভেতরে থাকা কাপড়সহ সব মালামাল পুরোপুরি ভস্মীভূত হয়েছে বলে নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি জানান।
টেইলার্স কর্তপক্ষ থেকে দাবি করা হয়েছে, আগুনে তাদের আনুমানিক ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকার কাপড় পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, শহরের বড় বাজারের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত টেইলার্সটির ভেতরে আগুনের সূত্রপাত হয়। কাপড়ের দোকান হওয়ায় আগুন মুহুর্তেই পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শিমুল মো. রফি বলেন, “নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”
“কাপড়ের দোকান হওয়ায় ক্ষতি বেশি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”
অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর বলা যাবে বলে জানান শিমুল।