Published : 01 Dec 2025, 05:45 PM
থ্যালাসেমিয়া আক্রান্ত দুই ভাইয়ের চিকিৎসায় সহায়তা দেওয়ার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বইমেলার আয়োজন করা হয়েছে।
১ ডিসেম্বর থেকে ১০ দিনব্যাপী এই বইমেলার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিন।
সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় এ বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী। এসময় উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, “বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে বই হাতে নিয়ে পড়ার প্রচলন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এখন পাঠ থেকে শুরু করে প্রায় সব কিছুই ল্যাপটপ ও অনলাইন নির্ভর। ইন্টারনেটের সহজলভ্যতা ই-বুক পড়াকে আরও সহজ করে তুলেছে। তবু শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং আনন্দের। বইমেলা আয়োজন তাদের জ্ঞানচর্চার পরিসর বাড়াতে সহায়তা করবে।”
বইমেলায় মোট ২৫টি প্রকাশনী তাদের টেন্ট নিয়ে বসেছে। এ মেলায় বিক্রি হওয়া বইয়েয় লভ্যাংশ থ্যালাসেমিয়া আক্রান্ত আবদুল্লাহ ও হাবিবুল্লাহর চিকিৎসা সহায়তায় দেওয়া হবে বলে জানায় কিন।
থ্যালাসেমিয়া আক্রান্ত দুই শিশু বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মচারী মোহাম্মদ মনসুরের ছেলে।
বইমেলাটি একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্য সম্পাদক জাহানারা আরজুকে উৎসর্গ করা হয়েছে।
কিনের সভাপতি আরিফুল ইসলাম বলেন, “বর্তমানে ডিজিটাল প্রযুক্তি ও অ্যাকাডেমিক চাপের কারণে মুক্তচিন্তা ও গৎবাঁধা জ্ঞানের বাইরে জ্ঞানার্জন সীমিত হয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন বইমেলার আয়োজন শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহকে নিঃসন্দেহে বাড়িয়ে দেবে।
“কিন সব সময়ই সর্বসাধারণের সেবায় নিয়োজিত থাকতে চায়। আমরা প্রত্যাশা করি, শিক্ষার্থী ও বইপ্রেমীদের জন্য কিন-এর এ উদ্যোগটি সমাজের জন্য সুফল বয়ে আনবে।”