২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীর মৃত্যুতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহের ভোগড়া বাইপাস মোড় থেকে দক্ষিণে বোর্ড বাজার পর্যন্ত এবং উত্তরে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজট ছাড়িয়ে গেছে, বলছেন ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 10:32 AM

Updated : 26 Aug 2026, 11:56 AM

গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় ‘প্যানারোমা গার্মেন্টসের’ এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সহকর্মী পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন বলে পুলিশ জনিয়েছে।

শ্রমিকদের বিক্ষোভের কারণে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে অন্তত তিন কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে বলে গাজীপুর মহানগর পুলিশের এডিসি (ট্রাফিক) অশোক কুমার পাল জানান। 

তবে এই শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। সহকর্মীরা বলছেন, ওই নারী শ্রমিক অসুস্থ ছিলেন। তিনি ছুটি চেয়েও পাননি। অসুস্থ অবস্থাতেই কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে তিনি মারা যান। 

অপরদিকে কারখানা কর্তৃপক্ষ বিকালে এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের তথ্য ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’। তাদের ভাষ্য, ওই নারী অসুস্থ ছিলেন না।    

মহানগর পুলিশের এডিসি (ট্রাফিক) অশোক কুমার পাল বলেন, “সহকর্মীর মৃত্যুর খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে সোমবার সকালে তারা বিক্ষোভ শুরু করে।”

তিনি বলেন, এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে, ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহের ভোগড়া বাইপাস মোড় থেকে দক্ষিণে বোর্ড বাজার পর্যন্ত এবং উত্তরে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজট ছাড়িয়ে গেছে।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে ট্রাফিক পুলিশের কর্মকর্তা অশোক কুমার বলেন, সকাল সোয়া ১০টা পর্যন্ত একই অবস্থা বিরাজ করছিল; শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

তবে নিহত শ্রমিকের নাম-পরিচয় জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।