২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

সবকিছু পুলিশের ওপর ছেড়ে দিলে হবে না: পরিবেশ প্রতিমন্ত্রী

“সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সচেতন হতে হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 04:39 PM

Updated : 23 Sep 2026, 04:54 PM

সবকিছু পুলিশের ওপর ছেড়ে না দিয়ে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বুধবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

আসন্ন শারদীয় দুর্গাপূজায় নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বলেন, “সবকিছু পুলিশের ওপর ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সচেতন হতে হবে।”

দূষণ প্রসঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, “দেশের পরিবেশ দূষণ ১৩ ভাগ ইটভাটা থেকে হয়ে থাকে। কাঠ পুড়িয়ে ইটভাটায় ইট পোড়ানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যেই ভাটাগুলোকে একটি নিতিমালার মধ্যে এনে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “আগামীতে সড়ক ও ভবন নির্মাণে ইটের বিকল্প হিসাবে ব্লক ব্যবহার করতে হবে।”

জেলার মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসাস্থল জেলা হাসপাতালটি জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। নতুন ভবন প্রস্তুত থাকলেও প্রশাসনিক অনুমতি ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে সেখানে কার্যক্রম শুরু করা যাচ্ছে না জানানো হলে, দ্রুত নতুন ভবনে কার্যক্রম চালু করে রোগীদের সেবা দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

পর্যায় ক্রমে সকল সমস্যা সমাধানে আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসক আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক, সরকারি কৌঁসুলি গোলাম মোহাম্মদ, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মুর্শেদ জাপল এবং জামায়াত নেতা হেমায়েতুল হক হিমু বক্তব্য দেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।