বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
ছয়টি হত্যাসহ ১১ মামলার আসামি ওই ছাত্রলীগ নেতার রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ জানায়।
ছয়টি হত্যাসহ ১১ মামলার আসামি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ রোববার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বলে বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান।
তিনি বলেন, সোমবার বিকালে তাকে বগুড়ায় আনা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা সদর উপজেলার মানিকচক গ্রামের মুকুল সাহার ছেলে।
গত ২০২২ সালের ৭ নভেম্বর সজীব সাহাকে সভাপতি ও আল মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
গত ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় সদর থানা, সদর ভূমি অফিসসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাট হয়।
এ সময় গুলিতে বেশ কয়েকজন আন্দোলনকারী নিহত হন।
পরে হতাহতদের পরিবারের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য, কয়েকজন মন্ত্রী, এমপি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা ও আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যাসহ অন্যান্য ধারায় মামলা করেন।
এর মধ্যে সদর থানায় ছয়টি হত্যা ও অন্যান্য ধারায় পাঁচটি মামলায় সজীব সাহাকে আসামি করা হয়।
গত ৫ অগাস্টের পর তিনি বগুড়া থেকে পালিয়ে যান।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ রোববার রাত ৯টার দিকে গোপন খবরে লক্ষ্মীপুর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে সজীব সাহাকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, ছয়টি হত্যাসহ ১১ মামলার আসামি সজীব সাহাকে আদালতে হাজির করা হয়েছে। সেখান থেকে তাকে বগুড়া কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
জিজ্ঞাসাবাদের জন্য পরে তার জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানান ওসি মঈনুদ্দীন।
