২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ‘পাচারকারী’দের সঙ্গে বিজিবির সংঘর্ষে নিহত ১, আহত দুই

পাচারকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে তারা পাল্টা গুলি ছুড়েন বলে দাবি বিজিবি সদস্যদের।

নেত্রকোণায় ‘পাচারকারী’দের সঙ্গে বিজিবির সংঘর্ষে নিহত ১, আহত দুই

নেত্রকোণার দুর্গাপুর থানা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2023, 11:19 AM

Updated : 01 Apr 2023, 12:39 PM

নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে ‘সুপারি পাচারকারী’দের সঙ্গে সংঘর্ষে বিজিবির গুলিতে একজন নিহত হয়েছেন। এ সময় আরেক ‘পাচারকারী’ গুলিবিদ্ধ এবং এক বিজিবি সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের বারমারি লক্ষ্মীপুর গ্রামের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান।

নিহত, আমিনুল ইসলাম (২৮) দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। আহতরা হচ্ছেন, বিজিবির হাবিলদার মিনহাজ উদ্দিন ও লক্ষ্মীপুর গ্রামের জায়দুল (৪০)।

আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান জানান, শুক্রবার রাতে সীমান্তের লক্ষীপুর এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বারমারি বিওপি থেকে হাবিলদার মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।

“এ সময় ভারতের অভ্যন্তরে সুপারি পাচারকারীদের দেখতে পেয়ে টহলদলের সদস্যরা চ্যালেঞ্জ করে। তখন পাচারকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালালে হাবিলদার মিনহাজ উদ্দিন আহত হন।

“তখন বিজিবি সদস্যরা পাল্টা দুইটি গুলি চালালে পাচারকারি আমিনুল নিহত হন ও জায়দুল আহত হন।”

দুর্গাপুর মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ওসি।

পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় থানায় চোরাচালান নিয়ে একটি এবং বিজিবি সদস্য আহতসহ হতাহতদের নিয়ে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।