নেত্রকোণায় পাহারাদারকে হত্যা করে গরু লুটে গ্রেপ্তার আরো ৫
৫ মার্চ রাতে ‘হাবিবুল্লাহ ফিশারিজ অ্যান্ড ডেইরি ফার্ম’ এর পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে সাতটি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পাহারাদারকে হত্যা করে খামারের সাত গরু লুটের মামলায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে নেত্রকোণার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ এক সংবাদ সম্মেলনে বলেন, রোববার গাজীপুর মহানগর ও সিরাজগঞ্জ জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কৃষ্ণ দাস (৪২), মো. মিন্টু মিয়া (৩২), মো. হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫), মো. ইউনুস আলী (৪৫)। তাদের বাড়ি বিভিন্ন জেলায়।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, গরু বাঁধার রশি, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুরিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৫ মার্চ রাতে ‘হাবিবুল্লাহ ফিশারিজ অ্যান্ড ডেইরি ফার্ম’ এর পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে সাতটি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় মামলা হলে ১০ মার্চ কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. আব্দুল আওয়ালসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আওয়ালকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বলেন, মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
