Published : 20 Jun 2026, 09:52 PM
সাম্প্রতিক জলাবদ্ধতায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ক্ষতিগ্রস্তদের সরকারি প্রণোদনার তালিকায় অনিয়মের অভিযোগ করেছেন কৃষকরা।
অনিয়মের প্রতিবাদে শনিবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কৃষকরা কলমাকান্দা-দুর্গাপুর রাস্তার পালপাড়া বাজার এলাকায় মানববন্ধন করেন।
মানববন্ধনে কৃষক কুদরত আলী অভিযোগ করেন, “ফসল নষ্ট হওয়া সত্ত্বেও এলাকার অর্ধশত প্রকৃত কৃষক চাষি অনুদান পাননি। অথচ জমি না থাকা এবং ঢাকা-চট্টগ্রামে বসবাসকারী ব্যক্তিদের নামে কার্ড দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “অনিয়মের সুরাহা চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু সমাধান পাচ্ছি না।”
দ্রুত তালিকা সংশোধন করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার আওতায় আনার দাবি জানান কুদরত আলী।
এ ছাড়া আরও বক্তব্য দেন খায়রুল ইসলাম, দেলোয়ার হোসেন।
তারা প্রকৃত ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানান।
প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সরকারি প্রণোদনা তুলে দিতে কৃষি বিভাগ, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে তালিকা প্রণয়ন করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, “আমরা সকলকে নিয়ে একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। সেখান থেকে ২৪ শতাংশ প্রণোদনা কম এসেছে। স্বাভাবিকভাবে কিছু কৃষক বাদ পড়েছেন। তারাই হয়ত বঞ্চিত হওয়ার কথা বলছেন।
“তবে আমরা চেষ্টায় আছি, যদি অন্য কোনো সহায়তা পাই, তাহলে হয়ত সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করতে পারব।”