বগুড়ায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
পুকুরে বরশি দিয়ে মাছ ধরার সময় একদল লোক তার ওপর হামলা চালায় বলে জানায় পুলিশ।
বগুড়ার কাহালু উপজেলায় প্রকাশ্যে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে একদল লোক। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কাহালু থানার ওসি নিতাই চন্দ্র দাস।
নিহত রাহুল সরকার (৩৫) বগুড়া শহর যুবদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক এবং শাজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকার প্রয়াত আ. সোবাহান সরকারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে রাহুল মাগুরা গ্রামের উত্তর পাড়ায় যান। সেখানে তার একটি পুকুর লিজ নেওয়া আছে। সেই পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন রাহুল। এ সময় একদল লোক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রাহুল মারা যান।
বগুড়া শহর যুবদলের প্রচার সম্পাদক ওয়াসিম রেজা বলেন, এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি এ যুবদল নেতার।
ওসি নিতাই চন্দ্র দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।
