২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে রাস্তা নিয়ে দ্বন্দ্বে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, বাইকে আগুন

রাস্তা মেরামতের সময় প্রবাসীর বাড়ির সামনে মাটি ফেলা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 04:14 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

রাজশাহীর পুঠিয়া উপজেলা রাস্তা না রেখে বাড়ি নির্মাণের অভিযোগে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ভালুকগাছী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানান পুঠিয়া থানার ওসি কবির হোসেন।

আহতদের মধ্যে সাইফুল ইসলামকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ভাঙচুরের শিকার বাড়ির মালিক জাহাঙ্গীর আলম (৩৫) ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। জাহাঙ্গীর বর্তমানে বিদেশে আছেন।

জাহাঙ্গীরের ছোট ভাই জুয়েল (৩২) বলেন, স্থানীয় বিএনপি নেতা সাগর হোসেনের নেতৃত্বে বেশ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়েছেন। হামলাকারীরা বাড়ির সব আসবাবপত্র ও জানালাসহ বেলকনি ভাঙচুর করেছে। 

“এ ছাড়া হামলাকারীরা বাড়ি থেকে তিন ভরি সোনার গহনা, তিন লাখ টাকাসহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। চলে যাওয়ার সময় তারা আমার ভাইয়ের শ্বশুর আব্দুল কাদেরের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। সব মিলিয়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে”, বলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা মেরামত করার জন্য বাড়ির সামনে ফেলা মাটি সরাতে যায় জুয়েল। এ সময় সাইফুল ইসলাম বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইজনের মধ্যে মারামারি বেধে যায়। এ সময় লাঠির আঘাতে সাইফুলের মাথা ফেটে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পরে বেলা ১১টার দিকে পুলিশ সেখান থেকে চলে গেলে সাগরের লোকজন গিয়ে জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ি ভাঙচুর ছাড়াও লুটপাট ও জাহাঙ্গীরের শ্বশুর কাদেরের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বাড়ি ভাঙচুর ও লুটপাটে বাধা দিতে গেলে কাদেরকে মারধর করা হয়।

তবে বাড়িতে ভাঙচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার করে বিএনপি নেতা সাগর হোসেন বলেন, “রাস্তার জায়গা না রেখে বাড়ি নির্মাণ করেছেন প্রবাসী জাহাঙ্গীর। নির্মাণের সময় স্থানীয় জনসাধারণ রাস্তার জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে বললেও তা কর্ণপাত করেননি জাহাঙ্গীর।

“ওই রাস্তার সংস্কার কাজ চলছে। কিছু মাটি তার বাড়ির সামনে রাখা হয়েছিল। জাহাঙ্গীরের ছোট ভাই জুয়েল গিয়ে সেগুলো ফেলে দেয়। এ সময় সাইফুল বাধা দিলে তাকে পিটিয়ে জখম করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী তার বাড়িতে হামলা করেছে।”

ওসি কবির হোসেন বলেন, খবর পেয়ে দুই দফায় সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুপুর ৩টা পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।