মোটরসাইকেলে ছিলেন একই পরিবারের চারজন, ট্রাকচাপায় নিহত ৩
সিহাব শেখ মোটরসাইকেলে স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে নিয়ে খুলনা থেকে নড়াইলের কালিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন।
খুলনার দিঘলিয়া উপজেলায় মোটরসাইকেলে থাকা নারী, তার মেয়ে ও কিশোরি বোন ট্রাকচাপায় নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন নারীর স্বামী।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামে জীবন রায়ের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ।
নিহতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার উথালি গ্রামের সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), তাদের মেয়ে মায়মুনা (২) ও সিহাবের শ্যালিকা রুবিয়া খাতুন (১৬)। রুবিয়ার বাড়ি কালিয়া উপজেলার বেন্দার চর গ্রামে।
গুরুতর আহত সিহাব শেখকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র বলেন, সিহাব শেখ মোটরসাইকেলে স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন।
রাত সাড়ে ৯টার দিকে তারা দিঘলিয়ার ডোমরা দক্ষিণ গ্রামে জীবন রায়ের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবির আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
