১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে ৪১৬ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা

জব্দ করা সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে বলে জানান ইউএনও।

লালমনিরহাটে ৪১৬ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বিক্রির সময় ৪১৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 06:48 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বিক্রির সময় ৪১৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় বিসিআইসি সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বাইপাস মোড়ে করিম ট্রেডার্সের পাশে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম উত্তম কুমার দাশ। 

দণ্ড পাওয়া ফারুক আহম্মেদ মেসার্স অগ্রণী ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার।

স্থানীয়রা জানান, ফারুক আহম্মেদ লালমনিরহাটের মহেন্দ্রনগর সরকারি গোডাউন থেকে ইউরিয়া, ডিএপি ও পটাশসহ প্রায় ৭০০ বস্তা সার ট্রাকে করে পাটগ্রামে আনেন। পরে শহরের বাইপাস মোড়ে আনলোড করে অবৈধভাবে ব্যবসায়ীদের কাছে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। 

স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলকে জানান। পরে তিনি উপজেলা প্রশাসনকে জানালে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

অভিযানে ৪১৬ বস্তা সার জব্দ ও ফারুককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান বিএনপি নেতা মোস্তফা সালাউজ্জামান। তিনি বলেন, “কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার পান, এটাই আমাদের দাবি।”

ইউএনও উত্তম কুমার দাশ বলেন, “অবৈধভাবে সার এনে মজুত ও খুচরা বিক্রির অপরাধে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ডিলারকে জরিমানা করা হয়েছে। জব্দ করা সার কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে।”

সারের কৃত্রিম সংকট রোধ ও বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।