২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ কমলেও বেড়েছে পাসের হার

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ পাস করেছে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান। গত বছর এ সংখ্যা ছিল ২২টি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 11:17 AM

Updated : 11 Sep 2026, 03:49 PM

চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে; তবে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

এ বছর এ বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৫ দশমিক ৪২ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন।

“এবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২। প্রকাশিত ফলাফলে এ বছর পাসের হারে এগিয়ে থাকলেও কমেছে জিপিএ-৫।”

কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফল বিবরণী অনুযায়ী, এ বছর বোর্ডের অধীন ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয় । এর মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। তাদের মধ্যে ৩৭ হাজার ২০৩ জন ছেলে এবং ৫৮ হাজার ১৯৬ জন মেয়ে। 

মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ; যা ছেলেদের ৬৩ দশমিক ২৪ শতাংশের তুলনায় বেশি। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন। এর মধ্যে ৫ হাজার ৮৪৮ জন মেয়ে এবং ৩ হাজার ৯৬৬ জন ছেলে।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৮২ দশমিক ৮৮ শতাংশ। এ বিভাগে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৬ এবং মেয়েদের ৮৩ দশমিক ৭৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৫০ দশমিক ৬১ শতাংশ; এর মধ্যে ছেলে ৪৫ দশমিক ৫ এবং মেয়ে ৫২ দশমিক ২৫ শতাংশ। 

আর ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৭ দশমিক ৪০ শতাংশ; এ বিভাগে ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৪৪ এবং মেয়েদের ৬৩ দশমিক ৮২ শতাংশ।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ পাস করেছে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান। গত বছর এ সংখ্যা ছিল ২২টি।

সংবাদ সম্মেলনে বোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) পাপিয়া আক্তারসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।