বাবা ঈদের নামাজে মা গৃহস্থালির কাজে ব্যস্ত, পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরীর শিশুটি সদ্য হাঁটা শেখায় কৌতূহলবশত আশপাশে চলাফেরার এক পর্যায়ে পুকুরে পড়ে যায় বলে জানান স্বজনরা।
বাবা ঈদের নামাজ পড়তে গেছেন আর মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এর মধ্যে ২০ মাস বয়সী মমিন বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ছেলেকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। এক পর্যায়ে তাকে পুকুরে মৃত অবস্থায় যাওয়া যায়।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরারভিটা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান।
নিহত শিশু মমিন ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মমিন বসতবাড়ির সামনে উঠানে খেলছিল। সে সদ্য হাঁটা শেখায় কৌতূহলবশত আশপাশে চলাফেরা করত। সকালে মমিনের বাবা ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যান এবং মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন।
এ সময় সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় মমিন। কিছুক্ষণ পর ছেলেকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখেন স্বজনরা।
ওসি আব্দুল্লা হিল জামান বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হয়েছে। জোহরের নামাজ পর শিশুটির নামাজের জানাজা এবং দাফন সম্পন্ন হয়।
