২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে জামায়াত প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ, আটক ৪

রাজাপুর উপজেলার আদাখোলা স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

ঝালকাঠিতে জামায়াত প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ, আটক ৪
ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হকের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগে আটক চারজন।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 05:15 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হকের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে; যারা বিএনপির সমর্থক বলে ভাষ্য পুলিশের।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজাপুর উপজেলার আদাখোলা স্কুল ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটে বলে জানান রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম।

আহতরা হলেন- জাহিদ হোসেন, প্রার্থীর ব্যক্তিগত সহকারী খায়রুল এবং কর্মী সাইফুল ইসলাম।

আহতদের অভিযোগ, কেন্দ্রে ভোট কাটা হচ্ছে, এমন খবর পেয়ে ফয়জুল হক তার কয়েকজন সমর্থককে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হলে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে প্রবেশের সময় প্রার্থীকে লক্ষ্য করে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রার্থীকে রক্ষা করতে গেলে তার ব্যক্তিগত সহকারী খায়রুলসহ কয়েকজন কর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

জামায়াত প্রার্থী ফয়জুল হকের অভিযোগ, তাকে হত্যার চেষ্টা করা হয়। দেশি অস্ত্রসহ হামলাকারীদের আটক করে পুলিশে দেওয়া হয়।

ওসি নজরুল ইসলাম বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালকে মোবাইল করা হলে তিনি ফোন ধরেননি।