নেত্রকোণায় প্রতিবেশীর ঘরে শিশুর গলাকাটা লাশ
বরান্তর গ্রামে এ ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি জানান।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার বরান্তর গ্রামে এ ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান।
নিহত শিশু অংকিত বর্মণ ওই গ্রামের সাগর বর্মণের ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, শিশুটির পরিবার ঢাকায় থাকে। তার বাবা গার্মেন্টে কাজ করেন। সম্প্রতি শিশুটি তার দাদীর সঙ্গে বাড়িতে বেড়াতে আসে। দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় পরিবারের লোকজন কাজের জন্য বাড়ির বাইরে ছিল। শিশুটির দাদীও পাশের বাড়িতে ছিলেন।
দাদী বাড়ি ফিরে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি প্রতিবেশী সুকুমার বর্মণের ঘরের বিছানার উপর শিশুটিকে গলাকাটা অবস্থায় দেখতে পান। তখন তিনি চিৎকার করলে লোকজন ছুটে আসে। সুকুমার বর্মণ আর সাগর বর্মণ মামাত-পিসাত ভাই।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, হত্যায় জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
