২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এহোনো লাশ পাই নাই, দোয়া কইরেন ভাইডারে যেন সুস্থ পাই’

গাজী গ্রুপের কারখানাটিতে রোববার রাত ৯টার দিকে আগুন দেওয়া হয়৷ এর আগে দুপুর থেকে চলে লুটপাট৷

‘এহোনো লাশ পাই নাই, দোয়া কইরেন ভাইডারে যেন সুস্থ পাই’
গাজী গ্রুপের টায়ার কারখানার সামনে ভাইয়ের খোঁজে এসেছেন মো. মিজান।

সৌরভ হোসেন সিয়াম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2024, 09:49 PM

Updated : 26 Aug 2026, 10:20 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গাজী গ্রুপের টায়ার প্রস্তুতকারী কারখানার ছয়তলা ভবনে তখনও আগুন জ্বলছিল৷

কারখানাটির ফটকের সামনে দাঁড়িয়ে সোমবার সন্ধ্যায় এক যুবক মোবাইল ফোনে বলছিলেন, “এহোনো কোনো লাশ পাওয়া যায় নাই৷ দোয়া কইরেন ভাইডারে যেন সুস্থ শরীলে পাই৷”

মোবাইল ফোনে কথা বলা যুবকের নাম মো. মিজান৷ তার ভাই মাছ বিক্রেতা মো. বেল্লাল হোসেন (৩৬) রোববার রাতে কারখানাটিতে যখন লুটপাট চলছিল তখন সেখানে এসেছিলেন৷ তখন থেকে বেল্লাল নিখোঁজ৷

সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন কারখানাটিতে রোববার রাত ৯টার দিকে আগুন দেওয়া হয়৷ এর আগে দুপুর থেকে চলে লুটপাট৷

সোমবার বিকালেও কারখানার মূল চত্বরের বাইরের অংশে লুটপাট অব্যাহত দেখা গেছে৷

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার দুপুরে কয়েকশ লোক কারখানায় ঢুকে পড়ে৷ তাদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না৷ লুটপাটের সময় রাত ৯টার দিকে কারখানাটির ছয়তলা ভবনটির নিচতলায় আগুন লাগিয়ে দেয় লুটপাটকারীরা৷

এ সময় রূপগঞ্জের বরপা এলাকার মাছ বিক্রেতা বেল্লাল বাড়ি বের হন যাত্রাবাড়ীর পাইকারি মাছ আড়তের দিকে। তারপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন বলে জানান তার ভাই মিজান। 

তিনি বলছিলেন, কারখানাটির অদূরে বরপা এলাকায় পরিবার নিয়ে থাকেন বেল্লাল৷ যাত্রাবাড়ি এলাকায় পাইকারি মাছ বিক্রি করেন তিনি৷ রাতে ব্যবসার কারণে সাধারণত তিনি যাত্রাবাড়িতে থাকেন, সকালে ফেরেন৷ 

গাজী টায়ার: ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নেভেনি

কারখানার শ্রমিককে খুঁজতে এসে নিখোঁজ সজীব ভূঁইয়া

“রোববার রাতে এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে আমার ভাই কারখানাটির দিকে এসেছিলেন৷ এরপর থেকে খোঁজ পাচ্ছি না৷ ব্যবসার কাজ শ্যাষ কইরা সকালে বাড়িতে ফেরে৷ আমরাও ভাবছি সে যাত্রাবাড়িতে আড়তে আছে৷ সকালে ১০টার পরে তারে ফোন দিলে ফোন বন্ধ পাই৷ জানতে পারি রাতে আড়তেও যায় নাই৷”

ভাইয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মিজান৷ কাঁদতে কাঁদতে সড়কের উপর বসে পড়েন তিনি। 

গাজী গ্রুপের টায়ার কারখানার সামনে স্বামীর খোঁজে এসেছেন মনি আক্তার।

গাজী গ্রুপের টায়ার কারখানার সামনে স্বামীর খোঁজে এসেছেন মনি আক্তার।

বিলাপ করে বলছিলেন, “আল্লাগো আমার মায়ের কোলডা যেন খালি না হয়৷ আমার মায় পোলা হারাইলে মইরা যাইবো গা৷ তারে আল্লা বাঁচাইয়া রাইখো৷ আমার ভাইরে ফিরাইয়া দেও৷ ভাইগো!”

এর কিছুক্ষণ পরেই এ প্রতিবেদকের কাছে আকুতি জানিয়ে মিজান বলেন, “ভাই দেহেন, কোনোভাবে লাশটা না পাই, হাড্ডিগুড্ডি যেন নিতে পারি৷ সাংবাদিক ভাইগো দেখেন, একটু ভাই৷ ওর দুইডা বাচ্চা এতিম হইয়া যাইবো।”

আগুন জ্বলতে থাকা ভবনের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন মনি আক্তার নামে এক নারী৷ 

কারখানাটির অদূরে কলাবাগ এলাকার বাসিন্দা মনি বলেন, তার স্বামী রাজমিস্ত্রি মো. রাশেদ রোববার রাত সাড়ে ৮টার দিকে কারখানাটিতে এসেছিলেন৷ সঙ্গে ছিলেন ওই এলাকারই আরেক বাসিন্দা৷ রাতে রাশেদ বাসায় না ফেরায় মোবাইলে কল দেন। কিন্তু সেটি বন্ধ পান৷ সকালেও কোনো খোঁজ পাননি।

তিনি বলেন, “সারারাত ধরে আমার বাচ্চার আব্বারে খুঁজতেছি, পাই নাই৷ যার সঙ্গে আসছিল তারে আমি চিনি না৷ আমি এখন কী করমু।” এই বলে কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়েন এ নারী৷

আরও পড়ুন:

গাজী টায়ারস: ২১ ঘণ্টায়ও নেভেনি আগুন, লুটপাট চলছেই

গাজী টায়ার কারখানা লুটের পর আগুন: ফায়ার সার্ভিসের তালিকায় নিখোঁজ

লুটপাট-অগ্নিসংযোগ: ১৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ার কারখানার আগুন