সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বন প্রহরী বরখাস্ত
গ্রেপ্তারের পর এখন তিনি কারাগারে আছেন।
সিরাজগঞ্জে বন বিভাগের কর্মকর্তা পরিচয়ে ফার্নিচার বহনকারী পিকআপে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বন প্রহরী রিপন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার বিকালে পাবনা বিভাগীয় বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. মাতলুবুর রহমান বলেন, রিপন মিয়া (৪৩) বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ইকো পার্কের বন প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার সংবাদ পেয়ে শুক্রবার রাতেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দায়ের হওয়া মামলায় আদালতে দোষী সাব্যস্ত হলে পরে তাকে স্থায়ী বরখাস্ত করা হবে।
রিপন মিয়া সদর উপজেলার জারিলা মধ্যপাড়ার বাসিন্দা।
নিজেকে বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে কাঠের ফার্নিচার বহনকারী পিকআপে চাঁদাবাজি করার সময় জরুরি পরিষেবা ৯৯৯ এর কল পেয়ে সদর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কবরস্থান এলাকা থেকে রিপন মিয়াকে আটক করেন।
এ ঘটনায় পিকআপ চালক কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের সাতকয়া গ্রামের মোখলেসুর রহমান বাদী হয়ে শুক্রবার রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রিপন বর্তমানে জেলহাজতে রয়েছেন।
আরও পড়ুন:
