সিরাজগঞ্জে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে বন প্রহরী কারাগারে
সম্প্রতি খোঁজ নিয়ে বাদী জানতে পারেন, রিপন মিয়া বন কর্মকর্তা নন, বন প্রহরী।
সিরাজগঞ্জ সদর উপজেলায় ফার্নিচার বহনকারী পিকআপে চাঁদাবাজির অভিযোগে এক বন প্রহরীকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের রহমতগঞ্জ কবরস্থান এলাকায় তাকে আটক করা হয় বলে সদর থানার এসআই মনিরুল ইসলাম জানান।
গ্রেপ্তার রিপন মিয়া (৪৩) বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের ইকো পার্কে কর্মরত বন প্রহরী ও সদর উপজেলার জারিলা মধ্যপাড়ার বাসিন্দা।
শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে পিকআপ চালক কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের সাতকয়া গ্রামের মোকলেছুর রহমানের করা মামলার এজাহারে বলা হয়, কাজিপুর উপজেলার বিভিন্ন স্থানে তৈরি ফার্নিচার পিকআপযোগে ভাড়ায় বাদীসহ অন্য চালকরা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের মহাজনদের কাছে পৌঁছে দিয়ে আসছেন।
রিপন মিয়া নিজেকে বন কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিলেন।
সম্প্রতি খোঁজ নিয়ে বাদী জানতে পারেন, রিপন মিয়া বন কর্মকর্তা নয়, বন প্রহরী।
এ অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাদী ফার্নিচার বোঝাই পিকআপ নিয়ে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কবরস্থান এলাকায় পৌঁছলে রিপন মিয়া পিকআপ থামিয়ে চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকার করায় মারধর, প্রাণনাশের হুমকি ও পিকআপ আটকের হুমকি দেওয়ায় বাদী তাকে ১ হাজার টাকা চাঁদা দিতে বাধ্য হন। এরপর বাদীর পেছনে থাকা ফার্নিচার বোঝাই আরো ছয়টি পিকআপ ঘটনাস্থলে পৌঁছলে একই কায়দায় ওই চালকদের কাছ থেকেও জোর করে চাঁদা নেওয়া হয়।
তখন বাদী কৌশলে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপন মিয়াকে আটক করেন।
এ বিষয়ে সদর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে রিপন মিয়াকে আটকের পর রাতে থানা হেফাজতে রাখা হয়।
“শুক্রবার সকালে ভুক্তভোগী পিকআপ চালক মামলা করেন। ভুক্তভোগী আরো পাঁচ পিকআপ চালক মামলায় সাক্ষি হয়েছেন।”
