২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২৫

সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহাজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Published : 18 Jul 2024, 05:27 PM

Updated : 01 Sep 2026, 10:51 AM

এক নজরে

সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ ঘটনায় অন্তত ২৫ শিক্ষার্থী ও দুই পুলিশ সদস্য আহতের খবর পাওয়া গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকাল ৩টায় মহানগরের আখালিয়া এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে।

শিক্ষার্থীদের মধ্যে আহত রাফিদ, বাংলা বিভাগের নাঈম, পরিসংখ্যানের ইফরাতুল হাসান রাহীম, আইপি বিভাগের শাফায়েত, লুবনা এবং তৌফিক নগরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। আহত সিলেট মহানগর পুলিশের উপপরিদর্শক (পিওএম) শাহ নজরুল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।

শিক্ষার্থীরা জানান, সকাল সোয়া ১০টা থেকে তারা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর মধ্যে ১০ থেকে ১৫ শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতর প্রবেশ করতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।

পরে বেলা ১১টা থেকে সোয়া ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বললে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশও পাল্টা সাউন্ড গ্রেনেড ছোড়ে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ সাংবাদিকদের বলেন, “বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে প্রচুর বহিরাগত অবস্থান নিয়েছিল। সেখান থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, শটগানের গুলি ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।”

তিনি বলেন, হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থীদের কেউ আহত হয়েছেন কি-না তা নিশ্চিত করতে পারেননি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।

এর আগে সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখলে নেয় পুলিশ। তার আগেই পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।