১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কয়েকদিন ধরে নাব্য সংকটের কারণে ফেরিগুলো আরিচা ঘাটের অদূরে ডুবোচরে আটকে যাচ্ছিল।

নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে থাকা ফেরি।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2024, 03:02 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

যমুনা নদীতে নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার  কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা রয়েছে। 

শুক্রবার রাত ১০টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে শনিবার দুপুরে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।

বিআইডব্লিউটিসির সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট ও পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ঘাটের মধ্যে এই নৌরুটে পাঁচটি ফেরি চলাচল করে।

কিন্তু বিগত কয়েকদিন ধরে নাব্য সংকটের কারণে ফেরিগুলো আরিচা ঘাটের অদূরে ডুবোচরে আটকে যাচ্ছিল। এরপরও ফেরি কর্তৃপক্ষ হাফলোড নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় সার্ভিস চালু রাখেন। 

কিন্তু এখন নদীতে পানি হ্রাস অব্যাহত থাকায় চ্যানেলটি আরও সরু হয়ে পড়েছে। 

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী ফল বলেন, নাব্যতা সংকটের কারণে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছিল। অবশেষে শুক্রবার রাত ১০টা থেকে নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। 

নদীতে নাব্য সংকট না কাটা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান। 

এদিকে ফেরি চলাচল বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালকরা।