টাঙ্গাইলে আলাদা সড়কে ঝরল ৩ প্রাণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এবং মির্জাপুর বাইপাস সড়কে এসব ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পৃথক ঘটনায় সড়কে অজ্ঞাত পরিচয় এক নারীসহ তিন জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এবং সোমবার রাতে মির্জাপুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে বলে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল জানান।
নিহতরা হলেন- উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের নবীন মিয়ার ছেলে রুবেল মিয়া (২৭) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমবাড়িয়া ফারুক মণ্ডলের ছেলে লাবলু মিয়া (২৭)। অপরজন ষাটোর্ধ্ব অজ্ঞাত পরিচয় এক নারী।
স্থানীয়দের বরাতে ওসি টুটুল জানান, সোমবার রাত ৩টার দিকে পাকুল্যা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত এক বাহনের চাপায় তিনি মারা যান।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
অপরদিকে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার ভোর ৫টার দিকে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত এক বাহনের চাপায় রুবেল মিয়া মারা যান বলে জানান ওসি টুটুল।
ওসি আরও জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মির্জাপুর বাইপাস সড়কের মা সিএনজি ফিলিং স্টেশনের কাছে বাস চাপায় লাবলু মিয়ার মৃত্যু হয়েছে।
ময়নাতদন্ত শেষে লাবলুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি টুটুল।
