১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি, আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে: এ্যানি

“খুব সহসাই সরকার-স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র যদি উদ্ধার না করা হয়, তাহলে দেশে হানাহানি বাড়বে।

লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি, আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে: এ্যানি
লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 05:23 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

গত বছরের ৫ অগাস্টে থানা লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, “লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি। এতে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, চুরি-ডাকাতি হচ্ছে। সমাজকে একটি অস্থিতিশীলতায় নিয়ে গেছে। এজন্য অন্তর্বতী সরকারকে বলছি, আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে আপনাদের আরও বেশি সোচ্চার হতে হবে।” 

বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের বশির ভিলা মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

জেলা বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে টিন বিতরণ করা হবে।  

এ্যানি বলেন, “খুব সহসাই সরকার-স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র যদি উদ্ধার না করা হয়, তাহলে দেশে হানাহানি বাড়বে। অস্থিরতা বাড়বে, আইনশৃঙ্খলার আরও অবনতি হবে। আমরা সরকারকে সহযোগিতা করছি, অস্ত্র উদ্ধারেও সহযোগিতা করব।” 

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, “আওয়ামী লীগের আমলের অবৈধ অস্ত্র আর ৫ অগাস্টের থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখন সন্ত্রাসীদের কাছে। ওই আওয়ামী দোসর ও তাদের সঙ্গীরা এই অস্ত্র নিয়ে এখন সমাজে অপকর্ম করছে। 

“সরকারকে দায়িত্ব নিয়ে অস্ত্র উদ্ধার করে সমাজের অস্থিরতা দূর করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনও হবে। অস্ত্র উদ্ধার তার আগেই করতে হবে। এই অস্ত্র দিয়ে আবারও সেই ভোট কেন্দ্র দখলে যাবে, এই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতেই হবে। এটা সরকারের দায়িত্ব। ”

এ্যানি বলেন, “সারাদেশের সুদৃঢ় ঐক্যের কারণেই শেষ পর্যন্ত ফ্যাসিবাদ পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়েছে, তার দোসররা পালায়নি। যার ফলে ৫ অগাস্টে পর বিভিন্ন থানা লুট হয়েছে, আগুন দিয়েছে।” 

জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর জজ আদালতের পিপি আহমেদ ফেরদৌস মানিক, বিএনপি নেতা শাহ মোহাম্মদ এমরান, বেলাল হোসেন, লক্ষ্মীপুর পৌর যুবদলের সদস্যসচিব মুনছুর আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।