২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির, আতঙ্কে মানুষ

বনবিভাগের কর্মকর্তা বলেন, “যেহেতু মূল নদীতে ভেসে উঠেছে সে ক্ষেত্রে কুমির তো ধরা সম্ভব না।”

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 09:01 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

রাজবাড়ীর পদ্মা নদীতে দুই-তিন দিন ধরে দেখা মিলেছে কুমিরের। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ালেও কুমির দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। কখনও সকাল, কখনও দুপুরে কুমির ভেসে উঠছে নদীতে।

মঙ্গলবার বিকালে গিয়ে দেখা যায়, সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদী পাড়ে ভিড় করছেন উৎসুক জনতা। অধীর আগ্রহে তারা তাকিয়ে আছেন নদীর দিকে। যদি দেখা মেলে কুমিরের।

স্থানীয় শফিক বলেন, “আমি নিজেও শুনেছি দুই-তিন দিন ধরে এখানে কুমির ভেসে ওঠছে। আজও দুইবার দেখা গেছে সকালে। এটা শুনে দেখতে এসেছি। তবে দেখতে পাইনি এখনও।” 

পাশেই দাঁড়িয়ে ছিলেন আবুল খাঁ। তিনি বলেন, “হেনে সকাল-বিকাল মেলা মানুষ গোসল করে। কুমির দেহার পর তে নদীতে কেউ নামবার চাচ্ছে না। ভয় তো নাগেই; নামলি যদি কুমিরি টানে নিয়ে যায়।”

মাসুদ মোল্লা বলেন, “কুমির ধরার ব‌্যবস্থা করা লাগবি। তা নাহলি মানুষের সমেস্সা। আমরা নদীতি গোসল করি, গরু-ছাগলের গোসল করাই। আজ দুই দিন কেউ নদীতে নামতেছে না ভয়ে।”

বিষয়টি সামাজিকযোগাযোগ মাধ্যমেও ছড়িয়েছে। 

রবিউল রবি নামে এক যুবক ফেইসবুকে লিখেছেন, “রাজবাড়ী উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে আজ এই কুমিরটি দেখা গেছে। সকাল থেকে বেশ কয়েকবার কুমিরটি নদীতে ভেসে ওঠেছে। যে স্থানে কুমিরটি দেখা গেছে সেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল করে। এ নিয়ে এলাকায় কৌতুহল তৈরি হয়েছে। সবার সাবধানতা অবলম্বন করা উচিৎ।”

রাজবাড়ী বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, “আমিও বিষয়টি জানতে পেরেছি মাগরিব নামাজের পর। যেহেতু সন্ধ‌্যা হয়ে গেছে সে কারণে আমরা নদীতে যাইনি। আগামীকাল সকালে ঘটনাস্থলে গিয়ে ওই এলাকায় লাল নিশান দিয়ে আসবে। পাশাপাশি চেয়ারম‌্যান-মেম্বারদের জানাবো। এ ছাড়া মাইকিং করবে এলাকাবাসীকে সচেতন করতে।” 

তিনি বলেন, “যেহেতু মূল নদীতে ভেসে উঠেছে সে ক্ষেত্রে কুমির তো ধরা সম্ভব না। যদি শাখা নদীতে ভেসে উঠত আমরা চেষ্টা করতাম। আপাতত এলাকাবাসীকে সচেতন করা ছাড়া কিছু করার নাই।”