বন্ধের এক মাস পর উৎপাদনে ফিরল মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র
কয়লার অভাবে ৩১ অক্টোবর বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
কয়লার অভাবে বন্ধ হয়ে হওয়া যাওয়ার প্রায় এক মাস পর কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ইউনিট থেকে জাতীয় গ্রীডে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে বলে জানান মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার।
তিনি বলেন, বুধবার সকালে ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী একটি জাহাজে করে বিদ্যুৎকেন্দ্রটির জন্য ৭০ হাজার টন কয়লা আনা হয়। জাপানের সুমিতমো করপোরেশনের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর মেঘনা গ্রুপের আমদানি করা এটিই প্রথম কয়লার চালান।
মনোয়ার হোসেন বলেন, শীতকালে বিদ্যুতের চাহিদা যেহেতু কম, তাই একটি ইউনিট চালু করা হয়েছে। চাহিদা বাড়লে জানুয়ারির দিকে উৎপাদন বাড়তে পারে। বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট।
প্রকল্পের একটি ইউনিট ২০২৩ সালের জুলাই ও অপর ইউনিট একই বছরের ডিসেম্বরে চালু হয় বলে জানান মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের এই কর্মকর্তা।
সবশেষ অগাস্টের মাঝামাঝি সময় সুমিতমো করপোরেশন মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে কয়লার সরবরাহ করেছিল। উৎপাদন শুরুর পর থেকে প্রতিষ্ঠানটির মাধ্যমে এ পর্যন্ত ২২ লাখ পাঁচ হাজার টন কয়লা আনা হয়েছিল।
সেই মজুদ পুরোপুরি শেষ হয়ে গেলে ৩১ অক্টোবর বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।
