২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে প্রাইভেটে যাওয়ার পথে ছাত্রীকে ‘অপহরণ চেষ্টা’, গ্রেপ্তার ২

গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

খাগড়াছড়িতে প্রাইভেটে যাওয়ার পথে ছাত্রীকে ‘অপহরণ চেষ্টা’, গ্রেপ্তার ২
খাগড়াছড়ির রামগড়ে এক স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুইজন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2025, 04:35 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

খাগড়াছড়ির রামগড় উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাত ২টার দিকে উপজেলার তৈচালা ও থানা পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দীন।

গ্রেপ্তাররা হলেন- রাজু ত্রিপুরা (৪২) ও বাবুল মিয়া (২৬)। তারা তৈচালা ও থানা পাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

ওসি মঈন উদ্দীন বলেন, “রোববার সকালে ওই ছাত্রী (১১) রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে হয়। অটোরিকশায় যাওয়ার পথে তাকে বিদ্যালয়ের সামনে নামিয়ে না দিয়ে জোরপূর্বক অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক।

“এ সময় মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অটোরিকশা চালক বাবুল মিয়া ও তার সহযোগী রাজু ত্রিপুরা পালিয়ে যান।”

তিনি বলেন, ঘটনার পরদিন সোমবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। রাতে দুই আসামি গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মঈন উদ্দীন।