Published : 06 Feb 2026, 12:11 AM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভোট কেনার দায়ে সদ্য প্রতিষ্ঠিত জনতা দলের এক নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটিকাপাড়া এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে রাত ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. শাহীদ ইশরাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ রায় জনতা দলের দলগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
নির্বাহী হাকিম মো. শাহীদ ইশরাক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে জনতা দল মনোনীত প্রার্থীর ‘কলম’ প্রতীকের পক্ষে ভোট কেনার জন্য রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে তিন-চারজন এলাকায় টাকা বিতরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও রবীন্দ্রনাথ রায়কে টাকাসহ আটক করা হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন।
শাহীদ ইশরাক বলেন, “ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তের অপরাধ প্রমাণিত হওয়ায় ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৬’-এর ২৭ ধারা অনুযায়ী তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে দোষ স্বীকার করে জরিমানার টাকা পরিশোধ করলে তাকে মুক্তি দেওয়া হয়।”
তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।