২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত বাসে আগুন, নামতে গিয়ে চাকায় পিষ্ট যুবক

গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ ঘটনা ঘটে বলে কালকিনি ফায়ার সার্ভিস জানায়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 10:39 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

মাদারীপুরের ডাসার উপজেলায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে কালকিনি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান। 

নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

মস্তফাপুর হাইওয়ে পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসটিতে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। এ সময় ভয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ওই ব্যক্তির বাসের চাকার নিচে চলে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করেছিলাম, বাসের ভেতরের বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। কিন্তু পরবর্তীতে বাসে থাকা এক যাত্রী আমাদের জানিয়েছেন, বাসের ভেতরে বোতলে জ্বালানি তেল ছিল। তা পলিথিন দিয়ে মুখ আটকে রাখার সময়ে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।”