২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত

পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 06:23 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম।

নিহতরা হলেন- ওই গ্রামের আক্তার মিয়া এবং গোয়ালনগর মসজিদের ইমাম মো. হাবিবুর রহমান।

আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এর আগে ১৭ মার্চ এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গোয়ালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক গোয়ালনগর গ্রামের বাসিন্দা রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে সেনাবাহিনী। 

পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করেন জিয়াউর। সম্প্রতি গোয়ালনগর গ্রামে শিশুকে আটক করে মারধর ও তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় জিয়াউর। এ নিয়ে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনার জের এদিন সকালে আবার রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রথমে রহিম গোষ্ঠীর আক্তার মিয়া নিহত হন। 

এ সময় ঝগড়া থামাতে গিয়ে স্থানীয় মসজিদের ইমাম হাবিবুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।

এ বিষয়ে জানতে রহিম তালুকদার ও কাসেম মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

বেলা সাড়ে ৩টায় ওসি শাহীনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই গোষ্ঠীর মধ্যকার সমস্য নিজেরাই সমাধান করেছে। কিন্তু এদিন ভোর থেকে তারা মারামারি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।