২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা নেতৃত্বে আসতে পারবে না তারাই নির্বাচনে বাধা দিচ্ছে: সাদ্দাম

“আগামী ২ আগস্ট মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাব।”

যারা নেতৃত্বে আসতে পারবে না তারাই নির্বাচনে বাধা দিচ্ছে: সাদ্দাম

রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্রলীগের রংপুর বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 08:21 PM

Updated : 25 Jul 2023, 08:21 PM

নির্বাচনের মাধ্যমে যারা নেতৃত্বে আসতে পারবে না, তারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

তিনি বলেন, “যারা দেশের মানুষের ভোটে রায় পাবে না, তারাই এখন বিদেশি প্রভুদের রায় পাওয়ার চেষ্টা করছে। তবে যারা দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায় তাদের ছেড়ে দেবে না ছাত্রলীগ।”

মঙ্গলবার বিকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্রলীগের রংপুর বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

সাদ্দাম হোসেন বলেন, “প্রধানমন্ত্রী রংপুর বিভাগ থেকে দারিদ্র দূর করেছেন, অবকাঠামোর উন্নয়ন করেছেন, অসহায় শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করেছেন। তাই আগামী ২ আগস্ট তার মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাব।”

রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা থাকলেও জামায়াত-বিএনপি সরকারের কারণে তা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এই নেতা বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় এসে রংপুরে পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় করেছেন। আগামীতে তিনি ক্ষমতায় এলে প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ হবে। রংপুর বিভাগ হবে সাংস্কৃতিক ও অর্থনৈতিক হাব।”

সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সানোয়ার পারভেজ পুলক, হাসনুর রহমান হাসু, আব্দুল আলীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন, সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক তানিম আহসান চপলসহ রংপুর বিভাগের আট জেলার ছাত্রলীগের নেতারা।