১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি, ৪ পোশাক শ্রমিক নিহত

আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 02:18 AM

Updated : 10 Sep 2026, 12:23 PM

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাসের সঙ্গে ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে; যাতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে।

 এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০ জন পোশাক শ্রমিক। 

বুধবার রাত ১০টার দিকের এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। 

তারা হচ্ছেন- জাহাঙ্গীর (৩০), নিপা (২৫), খাদিজা (২৮) ও জিয়াসমিন (২৬)। 

তাৎক্ষনিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে না পারলেও হতাহতরা গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিক বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

প্রতক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, বুধবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাটুলিয়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

তিনি বলেন, গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় শ্রমিকবাহী বাসের চারজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, ইট বোঝাই ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।