Published : 07 Jul 2025, 05:18 PM
জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে এনসিপি কোনো বক্তব্য দেয়নি। আমাদের দাবি একটাই- বিচার ও সংস্কার করে নির্বাচন দিতে হবে।”
নাহিদ বলেন, “আমরা চাই সরকার জুলাই সনদ ঘোষণা করুক। তার ভিত্তিতে একটি নতুন নির্বাচনী কাঠামো তৈরি হোক। যদি তা না হয়, তবে আবারও রাজপথে নামতে বাধ্য হবো।”
আগামী ৩ অগাস্ট এনসিপির ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে নতুন রাষ্ট্র গঠনের রূপরেখা থাকবে বলেও জানান নাহিদ।
একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আবেগের কথা বলে অভ্যুত্থানকে যেভাবে অবমূল্যায়ন করা হচ্ছে, তা চরম দুঃখজনক। ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের আত্মত্যাগকে ‘মবতন্ত্র’ বলা হচ্ছে। বিপ্লবকারীদের বিরুদ্ধে হত্যা ও দমন-পীড়নের মঞ্চ তৈরি করা হচ্ছে।”
তিনি বলেন, “মিডিয়াকে ব্যবহার করে ফ্যাসিবাদের পক্ষে জনসম্মতি তৈরির চেষ্টা চলছে। অথচ দেশের মানুষ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ের পথে হাঁটতে চেয়েছিল। তাই এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। ৩ অগাস্ট ঢাকায় আবারও মানুষ জমায়েত হয়ে সেই স্বীকৃতি দাবি করবে।”
জুলাই সনদ, বিচার ও সংস্কার এবং জুলাই স্মরণে ১ জুলাই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ পদযাত্রা কর্মসূচি শুরু করে এনসিপি।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে শুরু হওয়া দেশব্যাপী এই কর্মসূচির আওতায় গত ছয় দিনে ১৪টি জেলায় পদযাত্রা করেছে তারা।