Published : 27 Oct 2025, 07:40 PM
বাংলাদেশে আর এক-এগারো আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
তিনি বলেছেন, “এক-এগারো বাংলাদেশে আর আসবে না। এটি যদি কেউ ভাবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে।”
সোমবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী বলেন, “বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখের বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ চেয়েছিল, নেতাকর্মীদের উপর জেল-জুলুম নির্যাতন করে এ দেশ থেকে বিরোধী দল নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অন্যায়-অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগে নিশ্চিহ্ন হওয়ার পথে।”
এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মঈন খান বলেন, “আজকে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, তা বিএনপি তিন বছর আগেই শুরু করেছে। দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে ঐক্যমত নিয়ে ৩১ দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপিকে সংস্কার শেখাতে হবে না।”
পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব বকতিয়ার উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ।