২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে শ্রীমঙ্গল-কমলগঞ্জে দর্শনার্থীদের ভিড়, খোঁজ নিলেন স্থানীয় এমপি

পর্যটকরা সংসদ সদস্যকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2026, 08:32 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

ঈদের ছুটি ঘিরে মৌলভীবাজারের পর্যটনকেন্দ্রগুলোতে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। বিশেষ করে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকায় পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

রোববার দুপুরে পর্যটন এলাকায় গিয়ে দর্শনার্থীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। এ সময় পর্যটকরাও সংসদ সদস্যকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন।

দর্শনার্থীরা বলেন, এর আগে কোনো সংসদ সদস্যকে এভাবে সরাসরি পর্যটন এলাকায় এসে দর্শনার্থীদের খোঁজ নিতে দেখা যায়নি। এতে তারা বেশ খুশি ও উৎসাহ বোধ করছেন। পর্যটকরা মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার এমন উদ্যোগকে স্বাগত জানান।

সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ তার নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল। এখানে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ভ্রমণে আসেন। নির্বাচনি এলাকার মানুষের পাশাপাশি এখানে আগত দর্শনার্থীদের খোঁজখবর নেওয়াকেও নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।

তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরাও নিজ নিজ অবস্থান থেকে দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা করছেন।

যশোর থেকে পরিবার নিয়ে শ্রীমঙ্গলের বিনোদন কেন্দ্র বধ্যভূমি’৭১ পার্কে ঘুরতে এসেছেন রাবেয়া খাতুন। তিনি বলেন, “স্থানীয় সংসদ সদস্য আমাদের সঙ্গে কথা বলেছেন। কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চেয়েছেন। পরে পরিবার নিয়ে তার সঙ্গে ছবি তুলি।”

স্থানীয়দের মতে, জনপ্রতিনিধির এমন উদ্যোগ পর্যটকদের মধ্যে আস্থা ও স্বস্তি বাড়াবে। সেইসঙ্গে এলাকায় পর্যটন কার্যক্রমকে আরও উৎসাহিত করবে।