বরিশালে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ জনে।
হাম উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ জনে।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায় বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন।
মৃতরা হলো- বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা মো. নাইমের ১৩ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ এবং বরিশালের বানারীপাড়া উপজেলার মো. সালাহউদ্দিনের চার মাস বয়সী ছেলে মো. হুজাইফা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আব্দুল্লাহ হাম উপসর্গ নিয়ে ৬ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তারা মৃত্যু হয়। হুজাইফাকে ভর্তি করা হয় ২৫ এপ্রিল। সেও সোমবার মারা গেছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জন মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২০ জন ও হাম নিয়ে তিনজন মারা গেছে।
এ ছাড়া ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বরিশাল বিভাগে দুই হাজার ৭৯৬ জন রোগীর শরীরে হামের উপসর্গ দেখা দেয়; যার মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় দুই হাজার ৪১৬ জন।
এখন পর্যন্ত এক হাজার ৯৮৩ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।
