Published : 07 Sep 2026, 07:24 PM
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এ সময় তারা রাস্তায় খড় জ্বালিয়ে দেন।
সোমবার সকাল ১১টার দিকে সোনাহাট ইউনিয়নের ব্রিজপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।
স্থানীয়রা জানান, ব্রিজপাড় এলাকায় বিএডিসির ডিলার আমজাদ হোসেনের মেসার্স আফি সার ঘরে সার বিক্রি শুরু হলে কৃষকরা সেখানে জড়ো হন।
সেখানে চাহিদামত সার না পাওয়ার অভিযোগ করেন কৃষকরা। একপর্যায়ে কয়েকজন কৃষক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা রাস্তায় খড় জ্বালিয়ে দেন।
খবর পেয়ে ইউএনও অমৃত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক ও ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল ও সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দও ছিলেন।
কৃষকদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়। পরে উপস্থিত কৃষকদের মধ্যে ৩৩৫ বস্তা ডিএপি, ৯৫ বস্তা টিএসপি ও ১৫৭ বস্তা এমওপি সার বিতরণ করা হয়।
ইউএনও অমৃত দেবনাথ বলেন, ভুল বোঝাবুঝির কারণে কৃষকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপস্থিত কৃষকদের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে সার বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উপজেলায় আপাতত সার সংকট নেই।