পাবনায় হোটেলে নাস্তা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল দুজনের
হত্যার কারণ জানতে ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার সকালে বাস টার্মিনাল এলাকার হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি রওশন আলী।
নিহত মিলন হোসেন মধু (৪৫) পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ি গলির আরমান শেখের ছেলে ও মঞ্জু প্রামাণিক (৪৪) পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে।
নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের বরাতে ওসি বলেন, সকালে নাস্তা করার জন্য ওই হোটেলে গিয়েছিলেন দুজন। তারা হোটেলের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ছুরিকাঘাত করে।
এতে দুজনই হোটেলের সামনে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। হত্যার কারণ জানতে ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
